নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বিশেষ প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবার অত্যন্ত আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে সর্বস্তরের নেতা-কর্মীরা এ উপলক্ষে গতকাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করে। এ ছাড়া ছিল দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধাজ্ঞাপন, দোয়া মাহফিল, দেশ-জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ নানা কর্মসূচি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। গতকাল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে জ্ঞাপন করেন। এ সময় ফাতেহা পাঠ শেষে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা এবং প্রয়াত চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে দলের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে গাছের চারা রোপণ এবং জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

এতিমদের জন্য ছাত্রদলের মধ্যাহ্নভোজ : দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে জাতয়িতাবাদী ছাত্রদল। গতকাল রাজধানীর মিরপুরের এতিমখানা ও মাদ্রাসায় কেন্দ্রীয় ছাত্রদলের ২ নম্বর সহসভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েলের উদ্যোগে কোরআন খতম ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিতের নেতৃত্বে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন। চিকিৎসা নিতে আসা দরিদ্র মানুষদের বিনামূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights