চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ১৫০
অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৪৮ ঘণ্টায় ১৫০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বুধবার (২ সেপ্টেম্বর) ৭৮ জন রোগী ভর্তি হয়। গত আগস্ট মাসে প্রতিদিন গড়ে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।
এদিকে বুধবার খালেদা বেগম (৪৭) নামের এক নারী মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হলো। এরমধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।
বুধবার বিকেলে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ ডেঙ্গু প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান সই করা প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বেসরকারি একটি হাসপাতালে খালেদা বেগম নামের এক নারী মারা গেছেন। চট্টগ্রামে চলতি বছর ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ২ হাজার ১৮৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে মোট ৫ জনের। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন চিকিৎসাধীন আছে। অন্যরা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা যায়, মোট ডেঙ্গু রোগীর মধ্যে সবশেষ গত আগস্ট মাসে ভর্তি ছিল মোট ১ হাজার ২০২ জন। যা মাসভিত্তিক হিসেবে চলতি বছর সর্বোচ্চ।
বিশেষজ্ঞদের মতে, চলতি মাসের শুরুতে যেভাবে ডেঙ্গু রোগী বেড়েছে তাতে গত মাসের আক্রান্তের চেয়ে চলতি মাসে অনেক বেশি হতে পারে।
