ডিজিটাল দক্ষতা উন্নয়নে গোবিপ্রবিতে শিক্ষকদের কর্মশালা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষকদের প্রযুক্তি-জ্ঞান ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিট প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান। এ ছাড়া বক্তব্য দেন বিডিরেনের ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র মহন্ত।

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ে কর্মশালা আয়োজনের জন্য বিডিরেনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ইউজিসি ও বিডিরেন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ‘শিক্ষকরা জাতি বিনির্মাণের কারিগর। তাই প্রত্যেক শিক্ষকের শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করা উচিত। দেশকে এগিয়ে নিতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি।’

উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের জন্য পাঁচটি মডিউলে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে বিডিরেনের বিভিন্ন সেবা, শিক্ষাক্ষেত্রে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সাইবার নিরাপত্তা, ই-জার্নাল ব্যবহারের কৌশল, গবেষণাকর্মে নকল প্রতিরোধ এবং শিক্ষা ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সক্ষমতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত হতে পারবে।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বিডিরেনের মহাব্যবস্থাপক খোন্দকার রাশেদুল আরেফিন, আইটি বিশেষজ্ঞ মো. আরিফুল ইসলাম আরমান, আহমেদ আলী হোসেন ও আবু নাসের মো. নাফিউসহ আরও অনেকে।

দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights