অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি

অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান অযথা ক্ষতিগ্রস্ত না হয়। এটি গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘আপনাদের কলমের খোঁচায় যেন কারো জীবন, ক্যারিয়ার, মানসম্মান নষ্ট না হয়। এটা আপনাদের নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, ‘আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেও শেষ পর্যন্ত রক্ষা পায় না। ফ্যাসিস্টরাও রক্ষা পায়নি। অতীতে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি অনেক গণমাধ্যমও কেড়ে নেওয়া হয়েছে।’

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে পার্থ বলেন, ‘ঢাকায়ও গণমাধ্যমকর্মীদের আমি বলেছি, একদম ফ্রিডম মিডিয়া। আমি কখনোই চাইনি, আমার পক্ষে দশজন সাংবাদিক লিখবেন। অথবা আমার পক্ষে না লিখলে কারও চাকরি চলে যাবে—এমন প্র্যাকটিস আমি করি না।’

সাংবাদিক ও সংবাদপত্রের বিষয়ে তিনি সবসময় উন্মুক্ত থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আইন করা যেতে পারে। কিন্তু আইন করে বা জোর করে কাউকে ভালো বানানো যায় না। যে ভালো, সে নিজের থেকেই ভালো হবে।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সরকারি বরাদ্দ জনগণের উন্নয়নে সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না এবং উন্নয়নকাজ টেকসই হচ্ছে কি না, সে বিষয়ে গণমাধ্যমকে নজর রাখতে হবে।’

তিনি আরও বলেন, সাংবাদিকদের কলম যেন অযথা কারও সম্মানহানি না করে। একই সঙ্গে অনিয়ম-দুর্নীতি, সরকারি অর্থের অপব্যবহার কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করতে হবে।

মতবিনিময় সভায় ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, প্রবীণ সাংবাদিক আবু তাহের, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি আতাউর রহমান মমতাজিসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights