আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই, ঘরোয়া ক্রিকেটেও নেই

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত ব্যস্ততা নেই, ঘরোয়া ক্রিকেটেও নেই কোনো টুর্নামেন্ট। এমন ফাঁকা সময়েই হঠাৎ এল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ। সেই সুযোগ লুফে নিয়ে নতুন চ্যালেঞ্জের পথে পা বাড়িয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে বসা একটি ছবি প্রকাশ করে সিপিএলের উদ্দেশে যাত্রার কথা জানান মিরাজ। ক্যারিবিয়ান এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবার তাকে দেখা যাবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে। নিজের পোস্টে মিরাজ লিখেছেন, ‘নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।’

সিপিএলে এবারই প্রথম মাঠে নামার অপেক্ষায় রয়েছেন মিরাজ। যদিও এই টুর্নামেন্টের সঙ্গে তার সম্পর্ক নতুন নয়। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকেই, ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল। কিন্তু সেবার একাদশে জায়গা না পাওয়ায় ম্যাচ খেলা হয়নি।

এরপর গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সও মিরাজকে দলে ভেড়ায়। সেখানেও অবশ্য মাঠে নামার সুযোগ পাননি তিনি। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে শেষ পর্যন্ত অভিষেক হয় গত জুলাইয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে চার ম্যাচ খেললেও আসরটি খুব একটা সুখকর ছিল না তার জন্য। পরে একাদশ থেকেই বাদ পড়েন এই অলরাউন্ডার।

সিপিএল তাই মিরাজের সামনে নিজেকে নতুন করে প্রমাণের আরেকটি সুযোগ। এবার তাকে গায়ানা দলে নিয়েছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর বদলি হিসেবে। ভারত সিরিজের কারণে নবী জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ায় তার জায়গায় মিরাজকে নেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার নিয়মিত একাদশে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারের সামনে। ফলে ক্যারিবিয়ান মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগটা কাজে লাগাতে চাইবেন তিনি।

মিরাজ ক্যারিবিয়ানের পথে রওনা হওয়ার আগেই অবশ্য তার নতুন দলের জন্য এসেছে সুখবর। শনিবার ভোরে জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়ে সিপিএলে দুর্দান্ত শুরু করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গত আসরের রানার্সআপ দলটি এবার এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় পেয়েছে।

অর্থাৎ মিরাজ যখন নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন, তখন গায়ানা আছে দুর্দান্ত ছন্দে। এই জয়ের ধারায় যোগ দিয়ে বাংলাদেশি অলরাউন্ডার এবার সিপিএলে কতটা আলো ছড়াতে পারেন, সেটিই দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights