দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ

অনলাইন ডেস্ক

দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ শহরে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার এই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।

সিরিয়ার আল-ইখবারিয়া টিভির খবরে জানানো হয়েছে, ওই এলাকায় ৬টি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে ইসরায়েলি বাহিনীর পাঁচটি সামরিক যানের একটি বহর আল-রাফিদ শহরের উপকণ্ঠে প্রবেশ করে। তবে কাউকে গ্রেপ্তার না করেই তারা ওই এলাকা থেকে ফিরে আসে। সম্প্রতি ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর এমন তৎপরতা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবারও দক্ষিণ কুনেইত্রার তাল আল-আহমার এলাকার কাছে দুটি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। এছাড়া গত মঙ্গলবার আল-রাফিদ এলাকার পশ্চিমাঞ্চল থেকে একজন রাখালকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী, যদিও কয়েক ঘণ্টা পর ছেড়ে দেয় তাকে।

দক্ষিণ সিরিয়ায় বিশেষ করে কুনেইত্রা ও দারাত এলাকায় বারবার অনুপ্রবেশ করে তল্লাশি, গ্রেপ্তার ছাড়াও নিজেদের সামরিক চৌকি স্থাপন করছে ইসরায়েলি বাহিনী। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights