লেবাননে অভিযানে ইসরায়েল কোনো সীমা মানছে না: ইরান
অনলাইন ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযান ও দখলদারিত্বকে ‘কোনো সীমা না মানার’ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে ইরান। একই সঙ্গে এ ঘটনাকে লেবানন ও গোটা অঞ্চলের জন্য একটি শিক্ষা বলেও মন্তব্য করেছে দেশটি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন, জাতিসংঘের নিষ্ক্রিয়তা এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পক্ষে অবস্থানের দাবি করা ইউরোপীয় দেশগুলোর উদাসীনতার কারণে ইসরায়েল এক ধরনের জবাবদিহিহীনতা ভোগ করছে।
তিনি বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। এসব ঘটনা আবারও দেখিয়ে দিচ্ছে, লেবাননের সার্বভৌমত্ব, মর্যাদা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
বাগাই আরও বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো লেবানন ও পুরো অঞ্চলের জন্য একটি শিক্ষা। তার ভাষ্য অনুযায়ী, এমন একটি পক্ষের বিরুদ্ধে জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরোধ ও দৃঢ় অবস্থান প্রয়োজন, যারা কোনো সীমা মানে না।
সূত্র: আল জাজিরা
