বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা, রাতেই মৃত্যু বিএনপি নেতার

কুমিল্লা প্রতিনিধি
চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে দিনভর গণসংযোগ। নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন—“আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।” সেই ঘোষণার কয়েক ঘণ্টা পরই না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন।

গতকাল নিজের ইউনিয়ন শুহিলপুরে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন সাইফুল ইসলাম খোকন। এ সময় অনেকেই শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে আলোচনা করছিলেন। এর জবাবে নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্যে নিজের প্রার্থিতার বিষয়ে দৃঢ় অবস্থান জানান খোকন।

গণসংযোগে তিনি বলেন, আমার মৃত্যু ব্যতীত কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না। গণসংযোগ শেষে রাত ৯টার দিকে বাড়িতে ফেরেন তিনি। রাত ১২টার দিকে হঠাৎ শরীরে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে গৌরীপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক এস এম মিজান।

সাইফুল ইসলাম খোকন ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি চান্দিনা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

ফজরের নামাজ শেষে মসজিদের মাইকে তার মৃত্যুর ঘোষণা শুনে শোকের ছায়া নেমে আসে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights