কাগজে থাকলেও কনটেইনারে নেই রপ্তানি পণ্য, ৫ কোটি টাকার চালান আটক

বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম
কাগজপত্রে প্রায় সাড়ে ৫ কোটি টাকা মূল্যের রপ্তানি দেখানো হলেও বাস্তবে কোনো পণ্য না পাওয়ায় একটি প্রতিষ্ঠানের পাঁচটি সন্দেহজনক রপ্তানি চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চালানগুলোর রপ্তানিকারক প্রতিষ্ঠান ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেড।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এনিবিআর সূত্রে জানা গেছে, পাঁচটি চালানে মোট ১ লাখ ২১ হাজার ১৭৫ কেজি পণ্য রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছে। এসব পণ্যের ঘোষিত রপ্তানিমূল্য ৪ লাখ ৩৮ হাজার ৩০৪ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫ কোটি ৪৩ লাখ টাকা। তবে সংশ্লিষ্ট ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে সরেজমিনে গিয়ে ঘোষিত পণ্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

গত ৩ সেপ্টেম্বর এএসওয়াইসিইউডিএ ওয়ার্ল্ড ব্যবস্থায় রপ্তানি কনসাইনমেন্ট যাচাইয়ের সময় ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেডের পাঁচটি চালান কাস্টমস গোয়েন্দার নজরে আসে। প্রাথমিক বিশ্লেষণে চালানগুলোর গন্তব্য দেশ, পণ্যের ধরন এবং ঘোষিত মোট ওজনের মধ্যে অস্বাভাবিকতা দেখা যায়। এরপর চালানগুলো আটক করে অধিকতর যাচাই শুরু করা হয়।

জানা গেছে, দাখিল করা বিল অব এক্সপোর্ট অনুযায়ী এসব পণ্য চট্টগ্রামের ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ইনল্যান্ড কন্টেইনার ডিপো থেকে রপ্তানি হওয়ার কথা ছিল। বিষয়টি যাচাই করতে কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা সংশ্লিষ্ট ডিপোতে সরেজমিনে যান এবং ঘোষিত পণ্য পরীক্ষণের জন্য উপস্থাপনের নির্দেশ দেন। তবে ডিপো কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট কোনো পণ্যই পরীক্ষণের জন্য উপস্থাপন করতে পারেননি।

সংশ্লিষ্টদের পক্ষ থেকে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের জানানো হয়, রপ্তানির জন্য ঘোষিত এসব পণ্য আদৌ ডিপোতে প্রবেশ করেনি। এ ঘটনায় রপ্তানিকারক ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেড, সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট, ইনল্যান্ড কন্টেইনার ডিপো এবং কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্নের সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।

পণ্য ডিপোতে প্রবেশ না করেই কীভাবে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো, এ প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যোগসাজশ ছিল কি না তাও তদন্তের আওতায় রয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য কাস্টমস আইনসহ অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডা মহাসচিব রুহুল আমিন শিকদার জানান, এক্ষেত্রে রপ্তানিকারকের ঘাপলা থাকতে পারে। তারা কেন পণ্য পাঠালোনা না, সেটা আমরা খতিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights