মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নানা আয়োজন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আব্দুল আলীমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়া, লেখা ও গণনার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্য বিশ্লেষণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা, ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার, জীবনদক্ষতা ও কর্মদক্ষতা অর্জনেও সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা আরও বলেন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় এনে জীবনদক্ষতা ও কর্মমুখী প্রশিক্ষণ দিতে হবে। এর মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব।

সভায় সাক্ষর, দক্ষ, মানবিক, পরিবেশ-সচেতন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights