জাপানে রেকর্ড বৃষ্টি, সরিয়ে নেওয়া হলো এশিয়ান গেমসের অ্যাথলেটদের

অনলাইন ডেস্ক

জাপানের নাগোয়া শহরে রেকর্ড বৃষ্টিপাতের কারণে এশিয়ান গেমসে অংশ নিতে আসা শত শত অ্যাথলেটকে সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার মাত্র এক ঘণ্টায় শহরটিতে প্রায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিলে স্থানীয় কর্তৃপক্ষ কয়েকটি এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে।

নাগোয়া পোর্ট অথরিটির এক কর্মকর্তা জানান, শহরের গার্ডেন পিয়ার এলাকায় অস্থায়ী আবাসনে থাকা শত শত অ্যাথলেটকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতির উন্নতি হলে তারা আবার আবাসস্থলে ফিরে যান।

নাগোয়ার মেয়র ইচিরো হিরোসাওয়া জানিয়েছেন, কনটেইনারকে আবাসন হিসেবে রূপান্তর করে তৈরি অস্থায়ী ঘরে থাকা প্রায় ৪০০ অ্যাথলেট ও কর্মকর্তা ভারী বৃষ্টির সময় উঁচু এলাকায় আশ্রয় নেন। কয়েকটি স্থাপনার ছাদ দিয়ে পানি ঢুকলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

আগামী বৃহস্পতিবার থেকে এশিয়ান গেমসের কয়েকটি প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। এরই মধ্যে কয়েকটি ভেন্যুতে বৃষ্টির পানি ঢোকার খবর পাওয়া গেছে। তবে মেয়র হিরোসাওয়া বলেছেন, পরিস্থিতি এখনো এমন পর্যায়ে যায়নি যে নির্ধারিত সূচি অনুযায়ী গেমস আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হবে।

তিনি বলেন, কিছু ভবনের ছাদ দিয়ে পানি পড়ার মতো সীমিত প্রভাব পড়েছে। তবে ১৯ সেপ্টেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানসহ পুরো আয়োজন চালিয়ে নিতে বড় কোনো বাধা হবে না বলে তারা মনে করছেন।

এবারের এশিয়ান গেমসে নির্দিষ্ট কোনো অ্যাথলেট ভিলেজ রাখা হয়নি। এর পরিবর্তে একটি ক্রুজ জাহাজ, অস্থায়ী কাঠের কনটেইনার ও বিভিন্ন হোটেলে অ্যাথলেটদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও কয়েকটি ইভেন্ট তার আগেই শুরু হবে। বৃহস্পতিবার বাস্কেটবল দিয়ে প্রাথমিক প্রতিযোগিতা শুরু হওয়ার কথা।

ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার নাগোয়ায় সাময়িকভাবে সাবওয়ে ও বাস চলাচল বন্ধ রাখা হয়। একই সঙ্গে জাপানের আবহাওয়া সংস্থা ওই এলাকার একটি বড় নদীর জন্য সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ৫০০ মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন।

এবারের এশিয়ান গেমসে ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে, যা সাম্প্রতিক অলিম্পিকের চেয়েও বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights