পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি ভূখণ্ডে অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় বসতি স্থাপন সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট নীতিমালার পরিপন্থি এবং এ ধরনের কর্মকাণ্ড অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আঞ্চলিক অখণ্ডতা এবং একটি কার্যকর দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষুণ্ন করে।

বিবৃ‌তি‌তে উল্লেখ করা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। এর পাশাপাশি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশ তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত, সামগ্রিক ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ফিলিস্তিনি রাষ্ট্র সত্তাকে ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়।

বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রসত্তা লাভের ক্ষেত্রে তাদের বৈধ আকাঙ্ক্ষাকে সমর্থন করার বিষয়েও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights