এজবাস্টনে ইংল্যান্ডের দাপট, ইনিংস হারের শঙ্কায় পাকিস্তান
অনলাইন ডেস্ক
এজবাস্টন টেস্টে দ্বিতীয় দিনেও ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ডের। ম্যাচে এখনও চালকের আসনে ইংলিশরা। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ২৬৮ রানে এগিয়ে আছে ইংল্যান্ড।
দ্বিতীয় দিন ছিল বৃষ্টিভেজা। এর ফাঁকে ফাঁকে ছড়ি ঘুরিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ইংলিশরা। ফিফটি হাঁকিয়ে ছুটছিলেন হ্যারি ব্রুক। সেঞ্চুরির সুযোগ থাকলেও তা ছুঁতে পারেননি তিনি। ৯৭ বলে ৭৫ রান করে বিদায় নেন হ্যারি ব্রুক।
এরপর ক্রিজে জুটি বাঁধেন ড্যান লরেন্স এবং জেমি স্মিথ। এদিন যেন পুরনো ধাঁচের বাজবল ক্রিকেটে ফিরে গিয়েছিল ইংল্যান্ড। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে রান বের করেছেন লরেন্স-জেমি। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে বের করেছেন একের পর এক বাউন্ডারি। বোর্ডে রানও উঠেছে দ্রুত।
ফিফটি ছুঁয়েছেন লরেন্স এবং জেমি দুজনই। দলের ২৯৩ রানের মাথাতে ৮২ বলে ৬৫ রান করে বিদায় নেন লরেন্স।
লরেন্সের পর বিদায় নিয়েছেন গাস অ্যাটকিনসন। ৩৬ বলে ১৯ রান করেছেন তিনি। জেমি ফিফটির পর বেশি দূর আগাতে পারেননি। ৮৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে দলের ৩৭২ রানের মাথাতে আউট হয়েছেন জেমি স্মিথ।
লেজের দিকের ব্যাটাররাও ছিলেন দারুণ সাবলীল। কার্যকরী ব্যাটিংয়ে বাড়িয়ে নিয়েছেন দলের লিড। ৪৭ বলে ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওলি রবিনসন। জফরা আর্চার রবিনসনের মত ফিফটি হাঁকাতে না পারলেও ২৭ বলে ৩২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন। জশ টাং ২০ বলে ১৫ রান করেছেন। সবার ব্যাটেই যেন কিছুটা রান তোলার তাড়া ছিল। যেন কিছুটা বাজবলের আঁচ। ৮৯ ওভার শেষে ৪৫৩ রান করে থেমেছে ইংল্যান্ড।
পাকিস্তানের হয়ে ৪ উইকেট শিকার করেছেন রাজাউল্লাহ। ২টি করে উইকেট নেন মোহাম্মদ আলি এবং মোহাম্মদ ইমরান। ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস।
প্রথম ইনিংসে ৩২০ রানের লিড নিয়ে থামে ইংল্যান্ড। জবাব দিতে দ্বিতীয় ইনিংসে নামা পাকিস্তানের শুরুটা হয়েছে সম্ভাব্য সবচেয়ে বাজে উপায়ে। প্রথম বলেই আউট হয়েছেন ওপেনার সাইম আইয়ুব। গোল্ডেন ডাক মেরে বিদায় নেন সাইম। একই ওভারের ৪র্থ বলে সাজঘরে ফিরেছেন তিনে নামা আব্দুল্লাহ শফিক। ৩ বলে ০ রান করে বিদায় নেন শফিক। প্রথম ওভারেই সাজঘরে ২ ব্যাটার, দুজনকে ফিরিয়েছেন ওলি রবিনসন।
এরপর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন আজান আওয়াইস এবং শান মাসুদ। কার্যকরী ব্যাটিংয়ে রানও বের করেছেন। আজান কিছুটা চালিয়ে খেললেও শান ছিলেন ধীরস্থির। দুজনে মিলে শেষ বিকেলে আর কোনো বিপদ হতে দেননি। আর উইকেট হারায়নি পাকিস্তান। ১২.৪ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলে দিন শেষ করেছে বাবর আজমের দল। এখনও ২৬৮ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে হলে এই রানটুকু আরও ৮ উইকেট পতনের আগেই করতে হবে পাকিস্তান, নয়ত ইনিংস হার নিশ্চিত হবে। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নিয়েছেন ওলি রবিনসন।
ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় এবং সর্বশেষ টেস্ট ম্যাচ এটি। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা, সিরিজও জিতে নিয়েছে ইতোমধ্যে।
