ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোন নকল করে ‘লুকাস’ তৈরি করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইরানের ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামে একটি ড্রোন তৈরি করেছে বলে দাবি করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি।

শনিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। খবর তাসনিম নিউজের।

মজিদ মুসাভি বলেন, ইরানের ড্রোন খাতে বিভিন্ন ধরনের চালকবিহীন আকাশযান (ইউএভি) তৈরি করা হয়েছে। দেশটির কাছে বিভিন্ন ধরনের ‘শাহেদ’ শ্রেণির ড্রোন রয়েছে। এর মধ্যে কিছু যুদ্ধ অভিযানের জন্য এবং অন্যগুলো নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

তিনি বলেন, এসব ড্রোন সংশ্লিষ্ট খাতে কাজ করা তরুণদের ধারণা, উদ্ভাবনী শক্তি ও কর্ম-অভিজ্ঞতার ফল। ইরানের ড্রোন বহর বর্তমানে দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষার অন্যতম শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ড্রোন সক্ষমতার প্রসঙ্গ টেনে আইআরজিসির এই কমান্ডার বলেন, ওয়াশিংটন ইরানের শাহেদ-১৩৬-এর অনুরূপ একটি ড্রোন তৈরি করেছে এবং সেটির নাম দিয়েছে ‘লুকাস’। পরে সেটিকে নিজেদের সামরিক অস্ত্রভাণ্ডারেও যুক্ত করেছে বলে দাবি করেন তিনি।

মুসাভি আরও বলেন, ‘অপারেশন ট্রু প্রমিজ-১’-এ ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ব্যবহারের রেকর্ড রয়েছে। তার দাবি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত ড্রোন ব্যবহার করেই ওই অভিযান পরিচালনা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights