মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো ‘পুলিশ’ দরকার নেই : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন সরাসরি যুদ্ধ চলছে। এই উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে খবরদারি করার জন্য যুক্তরাষ্ট্রের মতো কোনো ‘আঞ্চলিক পুলিশের’ প্রয়োজন নেই।

ভারতের চলমান ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, আমাদের কোনো আঞ্চলিক পুলিশের দরকার নেই। এই অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এর মূল খেলোয়াড় এবং এখানকার দেশগুলোই নিশ্চিত করতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সংঘাতের নেতিবাচক প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। এর ফলে বিশ্বজুড়ে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও মূল্যস্ফীতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এমন একটি সংকটময় সময়েই এই ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

একদিকে ইরান যখন নিজেদের অঞ্চলের নিরাপত্তায় বাইরের হস্তক্ষেপ মানতে নারাজ, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন পরিস্থিতি নিয়ে বেশ নির্ভার। হরমুজ প্রণালি দিয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল স্বাভাবিক করতে তিনি সাহায্য করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দ্রুত উত্থান এবং সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলার পর রিয়াদকে নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আর এই উদ্বেগের মাঝেই ট্রাম্প এমন মন্তব্য করলেন। আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনোলির সঙ্গে ডাবলিনে এক বৈঠকের পর কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট আবারও জোর দিয়ে বলেন, সবকিছু একেবারে ঠিক হয়ে যাবে।

বিডিপ্রতিদিন/কেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights