হুতির অগ্রগতিতে নতুন বিপাকে ট্রাম্প
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন ভূ-রাজনৈতিক সংকটের সৃষ্টি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের আচমকা ঝোড়ো গতির অভিযান। ইয়েমেনের উপকূল ধরে হুতি যোদ্ধাদের দক্ষিণমুখী এই অগ্রাভিযান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাবেল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতের নাগালে নিয়ে এসেছে।
এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ফেলে দিয়েছে গভীর অস্বস্তিতে। লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সংকীর্ণ জলপথটি হুতির নিয়ন্ত্রণে চলে যাওয়ার উপক্রম হওয়ায় বিশ্ব বাণিজ্য এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
পারস্য উপসাগরের হরমুজ প্রণালি সংঘাতের জেরে কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব তাদের তেল রপ্তানি মূলত লোহিত সাগরের বন্দরগুলোর ওপর নির্ভরশীল করে তুলেছিল। কিন্তু হুতির ইয়েমেন ও আফ্রিকার মধ্যবর্তী বাবেল মান্দেব প্রণালির কেন্দ্রস্থলে অবস্থিত পেরিম দ্বীপে পৌঁছে যাওয়ায় রিয়াদের সেই বিকল্প জ্বালানি রুটও এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। ইরান ইতোমধ্যেই হরমুজ প্রণালিতে বিঘ্ন ঘটিয়ে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত করেছে। আর এখন বাবেল মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি তেহরানকে মধ্যপ্রাচ্যের দুটি প্রধান জ্বালানি করিডোরের ওপরই বাড়তি কৌশলগত সুবিধা পাইয়ে দিচ্ছে।
এমন এক সময়ে এই সংকট ঘনীভূত হলো যখন মার্কিন রাজনীতিতে বেশ কঠিন সময় পার করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রেকর্ড পরিমাণ নিম্নমুখী জনসমর্থন এবং আসন্ন নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে নিজ দলের নিয়ন্ত্রণ ধরে রাখার চ্যালেঞ্জের মাঝে এই সংঘাত ট্রাম্পের জন্য বড় একটি রাজনৈতিক ফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলে হুতিদের দমনে সরাসরি সামরিক সহায়তা চেয়েছেন। তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন এই মুহূর্তে সরাসরি সামরিক সংঘাতে জড়াবে না, তবে রিয়াদকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।
বিশ্লেষকদের মতে, বাবেল মান্দেব প্রণালি বন্ধ হলে তা বৈশ্বিক পেট্রোলিয়াম সরবরাহের প্রায় সাত শতাংশ এবং মোট আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় বারো শতাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সামনে এখন অত্যন্ত কঠিন বিকল্প রয়েছে, হয় মার্কিন সামরিক বাহিনীকে সরাসরি ময়দানে নামিয়ে হুতিদের ঠেকানো, অথবা সৌদি আরব ও আঞ্চলিক মিত্রদের এই ভয়াবহ লড়াইয়ে একা ছেড়ে দেওয়া।
সূত্র: রয়টার্স
