খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে : সংস্কৃতিমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

খেলাধুলা মানুষকে আনন্দ দেয় এবং যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রবিবার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতি বিষয়কমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ। আমরা আশা করি, এ আয়োজন চুয়াডাঙ্গা ক্রীড়া চেতনার নবজাগরণ ঘটাবে এবং তরুণদের সম্ভাবনা বিকাশে সহায়ক হবে।

তিনি বলেন, খেলাধুলা মানুষকে আনন্দ দেয় এবং যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। তাই চুয়াডাঙ্গাতে আরও বেশি খেলাধুলার আয়োজন করা হবে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চান। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান ও সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ।

এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার চারটি উপজেলা ও চারটি পৌরসভায় ৮টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে বিদেশি ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা বনাম দর্শনা পৌরসভা দল মুখোমুখি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights