এডিবির কাছে ২০০ কোটি ডলার ঋণ চায় সরকার

নিজস্ব প্রতিবেদক

আগামী গ্রীষ্মের আগেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার অর্থায়ন চেয়েছে বিদ্যুৎ বিভাগ। উন্নয়ন সহযোগীদের অর্থায়ন নিয়ে এখন কাজ করছে অর্থ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩১ আগস্ট অর্থ বিভাগকে দেওয়া এক চিঠিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণসহ নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য এডিবির কাছ থেকে ২ বিলিয়ন ডলার সহায়তা সংগ্রহের অনুরোধ জানানো হয়। চিঠিতে বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তাহমিলুর রহমান উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ খাতের আর্থিক ঝুঁকি কমানো এবং জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার গত জুলাইয়ে ‘ন্যাশনাল রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০’ অনুমোদন করেছে। এতে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি এবং সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে আগামী গ্রীষ্মের আগেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে অতিরিক্ত ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে নতুন উদ্যোক্তা ও সেবা প্রদানকারী তৈরি, দেশব্যাপী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া এবং নেট মিটারিং ব্যবস্থার আওতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিদ্যুৎ বিভাগ মনে করছে, এ ধরনের বড় উদ্যোগ বাস্তবায়নে পর্যাপ্ত ও টেকসই অর্থায়ন গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশ হিসেবে নবায়নযোগ্য জ্বালানি খাত সম্প্রসারণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাজেট-সহায়তার মাধ্যমে অর্থ সংগ্রহ করা সম্ভব না হলেও নির্দিষ্ট প্রকল্পের জন্য উন্নয়ন সহযোগীদের আর্থিক সহায়তা নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য অর্জনে বড় অঙ্কের অর্থায়ন প্রয়োজন। অর্থের সংস্থান না হলে উদ্যোগটি বাস্তবায়ন কঠিন হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়নের জন্য বিদেশি উৎসও সরকারের জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে। কারণ বিভিন্ন বহুপক্ষীয় উন্নয়ন সংস্থা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে তুলনামূলক কম সুদে অর্থায়ন দিয়ে থাকে। এদিকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা ১ হাজার ৮৫২ মেগাওয়াট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights