সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ার জরুরি না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার। আমরা বেআইনি পথে যাব না, প্রয়োজনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে।

সোমবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক চাপিয়ে দেয়া হচ্ছে। বর্ডারের ওপারে বসে ইয়াবা চোরা কারবারিরা পরিকল্পনা করছে। ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেয়া হচ্ছে। মাদক এখন আর শুধুমাত্র খুলনার সমস্যা নয়। সে কারণে সারাদেশে ডোপ টেস্টের ওপরে বেশি জোর দেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদ প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় খুলনার আইনশৃঙ্খলা, জননিরাপত্তাসহ সন্ত্রাস দমনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights