বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, জেমিমা ৬২ বছর বয়সী আইরিশ অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রিলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

‘দ্য মেইল ​​অন সানডে’ গত মে মাসে জানিয়েছিল, এক বছরের প্রেমের সম্পর্কের পর তারা বাগদান সম্পন্ন করেছিলেন।জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, আমার প্রিয় সঙ্গীর সাথে জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি। কী দারুণ একটি আনন্দের দিন।

ক্যামেরন ও‘রাইলি হলেন প্রয়াত মিডিয়া মুঘল ও আন্তর্জাতিক রাগবি তারকা স্যার অ্যান্থনি ও‘রাইলির ছেলে। অক্সফোর্ডের স্নাতক ক্যামেরন তার বাবার মিডিয়া প্রতিষ্ঠান ‘ইন্ডিপেন্ডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া’ এবং পরবর্তীতে অস্ট্রেলীয় গ্রুপ ‘এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া’-তে এক দশক কাজ করেছেন।

২০০০ সালে তিনি প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান। ২০০৩ সালে তিনি ‘বায়ার্ড ক্যাপিটাল’ নামে একটি প্রাইভেট ইকুইটি তহবিল গঠন করেন এবং সুইস মিটারিং কোম্পানি ‘ল্যান্ডিস+গাইর’ অধিগ্রহণ করেন। ২০১১ সালে তোশিবার কাছে ২.৩ বিলিয়ন মার্কিন ডলারে কোম্পানিটি বিক্রি করার আগে তিনি এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জানা যায়, ক্যামেরন যখন বিভিন্ন প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছিলেন, তখন এই নবদম্পতির পরিচয় হয়েছিল।

প্রয়াত প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ঠ বান্ধবী জেমিমার দুই ছেলে কাসিম ও সুলাইমান। ২০০৫ সালে ইমরান খানের সাথে তার নয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। জেমিমা বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এর মধ্যে রয়েছে ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। এটিকে তিনি পাকিস্তানের প্রতি নিজের ‘ভালোবাসার বার্তা’ বা ‘লাভ লেটার’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ও’রাইলির আগের সম্পর্কের ঘরে চার সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights