সার সংকট সমাধানে প্রধানমন্ত্রীর কাছে ৫ মিনিট চান সাবেক চেয়ারম্যান

কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মাত্র পাঁচ মিনিট আলোচনার সুযোগ পেলেই দেশে সার বিতরণ ও বিক্রির সংকট স্থায়ীভাবে সমাধান করা সম্ভব বলে দাবি করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোখলেছুর রহমান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাঁচ মিনিট আলোচনার সুযোগ দিলে বাংলাদেশে আর কোনোদিন সার বিতরণ বা বিক্রিতে সংকট হবে না, ইনশা আল্লাহ—চ্যালেঞ্জ দিলাম।”
সম্প্রতি সার বিতরণ ব্যবস্থা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন। মোখলেছুর রহমানের ভাষ্য, সার সংকট সমাধানে নতুন করে ডিলারের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই। বর্তমান ডিলারদের বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখেই কৃষকদের মধ্যে সুষমভাবে সার বিতরণ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, এ জন্য ডিলার পরিবর্তন কিংবা অতিরিক্ত প্রশাসনিক সহায়তারও প্রয়োজন নেই। বর্তমান সার বিতরণ ব্যবস্থাকে ‘হয়রানিমূলক’ উল্লেখ করে তিনি এর কার্যকর সংস্কারের দাবি জানান।
নিজের প্রস্তাব বাস্তবায়ন করে সার বিতরণে সংকট দূর করতে ব্যর্থ হলে সরকার তাঁকে ‘ফাঁসি’ দিতে পারেন বলেও কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। পাশাপাশি কোনো গণমাধ্যম তাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার সুযোগ করে দিতে পারলে ওই গণমাধ্যমের স্বত্বাধিকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
তবে সার বিতরণে সংকট সমাধানে তাঁর প্রস্তাবের সুনির্দিষ্ট কাঠামো এখনো প্রকাশ্যে আসেনি। ডিলারের সংখ্যা, বরাদ্দ ও সারের মূল্য অপরিবর্তিত রেখে কীভাবে কৃষকদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করা সম্ভব, এ বিষয়ে লিখিত প্রস্তাব প্রকাশের বিষয়ে জানতে চাইলে মোখলেছুর রহমান বলেন, তিনি এ বিষয়ে একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করেছেন, তবে তা অন্য কারও কাছে নয়, শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই উপস্থাপন করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights