এশিয়ান গেমস হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের
অনলাইন ডেস্ক
এশিয়ান গেমস পুরুষ হকিতে পুল ‘এ’-এর প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের প্রথম ২০ মিনিট গোলপোস্ট আগলেই রেখেছিল বাংলাদেশ। কিন্তু শক্তিশালী কোরিয়ার প্রবল আক্রমণ আর সামলাতে পারেননি রোমান সরকাররা।
দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ কোরিয়া। প্রথমে বে সং মিনের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। এরপর একই মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ও সেয়ং। ২-০ গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের ওপর চাপ আরও বাড়ায় কোরিয়া। ৩০ মিনিটে লি গ্যাংসান ফিল্ড গোলে ব্যবধান করেন ৩-০। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুনের গোলে কোরিয়া পেয়ে যায় চতুর্থ গোল।
শেষ কোয়ার্টারে ব্যবধান কমানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু কোরিয়ার রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি তারা। উল্টো ৫৮ মিনিটে সিম জেওনের ফিল্ড গোলে বাংলাদেশের পরাজয়টা আরও বড় হয়।
শেষ পর্যন্ত ৫-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। পাঁচ গোলের চারটিই করেছে কোরিয়া ফিল্ড গোল থেকে, অন্যটি এসেছে পেনাল্টি কর্নার থেকে।
বাংলাদেশের পরের ম্যাচ ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে।
