‘ডায়ানার মৃত্যুতে লটারি পাওয়ার মতো উচ্ছ্বসিত ছিলেন চার্লস’
অনলাইন ডেস্ক
প্রিন্সেস ডায়ানার মৃত্যুর খবর শোনার পরপরই তার সাবেক স্বামী ও যুক্তরাজ্যের বর্তমান রাজা চার্লসকে দেখে মনে হয়েছিল, তিনি যেন ‘লটারি’ জিতেছেন। প্রিন্সেস ডায়ানার ভাই চার্লস স্পেন্সারের লেখা একটি নতুন বইয়ে রাজপরিবার নিয়ে এমন এক বিস্ফোরক দাবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে বইটি থেকে নেওয়া নতুন কিছু অংশ প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বইটিতে স্পেন্সার উল্লেখ করেছেন, ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার ঠিক পরের মুহূর্তটিতে অন্য সবার মতো তৎকালীন প্রিন্স চার্লস বাক্রুদ্ধ কিংবা শোকাহত ছিলেন না। উল্টো চার্লসের আচরণে এক ধরনের প্রফুল্লতা দেখা গিয়েছিল। স্পেন্সারের ধারণা, চার্লস যাকে ভালোবাসতেন না, অর্থাৎ ডায়ানাকে হারানোর কষ্টের চেয়ে নিজের ভালোবাসার মানুষ ক্যামিলা পার্কারকে বিয়ে করার পথ সুগম হওয়ার সুযোগটাই তাঁর মনে প্রথম উঁকি দিয়েছিল। চার্লস হয়তো ভেবেছিলেন, ক্যামিলাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর সামনে আর কোনো বাধা রইল না।
স্পেন্সারের বইয়ের এসব দাবির বিষয়ে ডাউনিং স্ট্রিট বা রাজপ্রাসাদের পক্ষ থেকে সরাসরি নতুন কোনো মন্তব্য না করা হলেও, প্রথম অংশ প্রকাশের পর চালর্সের মুখপাত্র একটি বিরল প্রতিক্রিয়া জানান। সেখানে বলা হয়, গভীর শোক মানুষের যুক্তি, বিচারবোধ এবং স্মৃতিশক্তিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।
স্পেন্সারের বইটির নতুন অংশে ডায়ানার মানসিক যন্ত্রণা ও আত্মহত্যার চেষ্টার মতো সংবেদনশীল তথ্যও উঠে এসেছে। সেখানে দাবি করা হয়, মানসিক কষ্টে জর্জরিত হয়ে ডায়ানা কয়েকবার নিজেই গাড়ি চালিয়ে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে আত্মহত্যার জন্য পরিচিত একটি জায়গায় গিয়েছিলেন। তবে দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মুখের দিকে তাকিয়ে তিনি শেষ পর্যন্ত নিজেকে সংবরণ করেন।
দীর্ঘ টানাপোড়েনের পর ১৯৯২ সালে চার্লস ও ডায়ানা আলাদা হয়ে যান এবং ১৯৯৬ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। ডায়ানা বেঁচে থাকতেই এক সাক্ষাৎকারে চার্লস ও ক্যামিলার সম্পর্ক নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন যে তাদের বিয়েতে শুরু থেকেই তিনজন মানুষ উপস্থিত ছিল। পরবর্তীতে ১৯৯৭ সালে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মাত্র ৩৬ বছর বয়সে ডায়ানা মারা যান এবং এর বেশ কয়েক বছর পর ২০০৫ সালে ক্যামিলাকে বিয়ে করেন চার্লস।
সূত্র: বিবিসি
