এশিয়ান গেমসের সেমিফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত

অনলাইন ডেস্ক
এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার লক্ষ্য এশিয়া কাপের হারের ক্ষত মুছে ফাইনালের টিকিট নিশ্চিত করা।

আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে আবারও মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ। একই দিনে অপর সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ভারত। করোগি স্পোর্টস পার্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মাত্র ৫৭ রান সংগ্রহ করে জাপান নারী দল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ৮ উইকেটের বড় জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।

অন্যদিকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ছিল চীনের বিপক্ষে। তবে ভেজা মাঠের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। পরে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে চলে যায় বাংলাদেশ। র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দশম, আর চীন রয়েছে ৩৬তম স্থানে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই অবশ্য নতুন কোনো গল্প নয়। মাত্র কয়েক দিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ৭ উইকেটে ১০৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ফলে ৪০ রানের হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় জ্যোতিদের।

এবার সেই হারের পর আবারও ভারতের সামনে বাংলাদেশ। তবে মঞ্চটা ভিন্ন, লক্ষ্যও বড়। সেমিফাইনালের মঞ্চে ভারতের বিপক্ষে জিতে ফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি আগের হারের জবাব দেওয়ার সুযোগও বাংলাদেশের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights