ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন : রিজভী

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে দলের জাতীয় স্থায়ী কমিটি। তবে এ আসনে দলের পক্ষ থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, চূড়ান্ত সিদ্ধান্তের পর তা জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, আজকে স্থায়ী কমিটির যে বৈঠক, সেটি আসলে মনোনয়ন বোর্ডের বৈঠক ছিল। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, দলের স্থায়ী কমিটিই মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে এই বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে চূড়ান্তভাবে কারা মনোনয়ন পাবেন, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার পর গুলশানে দলের কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী আগামী ২৭ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২৯ অক্টোবর।

উল্লেখ্য, বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২০ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights