অবৈধ অস্ত্রের ছড়াছড়ি বাড়ছে সহিংসতা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান সত্ত্বেও খুলনায় অপরাধ প্রবণতা ও হত্যাকাণ্ড থামছে না। উপরন্তু আধিপত্য বিস্তার দ্বন্দ্বে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ও মাদককেন্দ্রিক সহিংসতা আরও বাড়ছে।

পুুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে খুলনা মহানগর ও জেলায় ৫৮টি হত্যাকাণ্ড ঘটেছে। খুন, সন্ত্রাস, মাদক ব্যবসা, চুরি ছিনতাইয়ের ঘটনায় ৯টি শীর্ষ সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এদিকে অপরাধ দমনে পুলিশের স্পেশাল ড্রাইভে (বিশেষ অভিযান) জেলা পুলিশের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এই নির্দেশনা অব্যাহত থাকবে।

চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারে একই সময়ে একাধিক জায়গায় বা আস্তানায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি পুলিশের চেকপোস্ট, তল্লাশি ও টহল অনেক বাড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, খুলনা মহানগরী এলাকায় কোনো হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা শহরসংলগ্ন জেলার রূপসা, তেরখাদা ডুমুরিয়া দিঘলিয়া থানা এলাকায় পালিয়ে যায়। এ কারণে মহানগরী এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে ওই সময় শহরসংলগ্ন এসব থানাকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযানে মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করা হলেও গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, লিস্টেড মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধারে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। প্রতিদিনই মাদকবিরোধী অপারেশন ও চেক পোস্টগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। এ কারণে জেলা পুলিশের সব সদস্যের ছুটি আপাতত বাতিল করা হয়েছে। থানা পুলিশ, পুলিশ লাইনসের পুলিশ ও আরআরএফ সদস্যরা যৌথ অভিযানে অংশ নিচ্ছে। এ ছাড়া স্পেশাল ড্রাইভে বেশ কিছু সফলতা মিলেছে বলে দাবি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights