আলিয়ঁস ফ্রঁসেজে রবীন্দ্রসংগীত সন্ধ্যা
সাংস্কৃতিক প্রতিবেদক
ফরাসি সংস্কৃতি ও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীল জগতের যোগসূত্র নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘রবীন্দ্রনাথের ফরাসি সংযোগ-রবীন্দ্রসংগীতের এক সন্ধ্যা’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন।
শুক্রবার রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটোরিয়াম নুভেল ভাগ-এ এ অনুষ্ঠানের আয়োজন করে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন সঞ্চিতা রাখী।
সংগীত পরিবেশনের আগে অনুষ্ঠিত আলোচনায় উঠে আসে রবীন্দ্রনাথের সঙ্গে ফরাসি সাহিত্য ও শিল্পমহলের যোগাযোগ, তাঁর ফ্রান্স সফর এবং ইউরোপীয় শিল্প-সংস্কৃতির সঙ্গে তাঁর বহুমাত্রিক সৃজনশীল সম্পর্কের বিভিন্ন দিক।
আয়োজনের তাৎপর্য তুলে ধরে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁম্ভো বলেন, ফ্রান্সের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক কয়েক দশকজুড়ে বিস্তৃত ছিল। প্যারিস ছিল শিল্পের অন্যতম প্রধান রাজধানী। সেখানে তিনি এমন অনেক শিল্পীর সঙ্গে পরিচিত হয়েছিলেন, যারা বহুমাত্রিক শিল্পী হিসেবে তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ও ফ্রান্সের মধ্যকার এই সাংস্কৃতিক সংলাপের সমৃদ্ধিকে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
