বিদেশে কার্ডে খরচ মাসে হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক

বিদেশে বাংলাদেশিদের কার্ডে খরচের পরিমাণ এখন মাসে প্রায় হাজার কোটি টাকা। ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে চলতি বছরের জুলাইয়ে দেশের বাইরে বাংলাদেশি কার্ডধারীরা ব্যয় করেছেন ৯৮৪ কোটি ৭০ লাখ টাকা। এর আগের মাস জুনে এই ব্যয় ছিল ১ হাজার ৩৭ কোটি ৩০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের মাসিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই-এই সাত মাসে বিদেশে কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ হাজার ৪১ কোটি টাকা। অর্থাৎ গড়ে প্রতি মাসে বিদেশে কার্ডে ব্যয় হয়েছে ৮৬৩ কোটি টাকার বেশি। মাসভিত্তিক হিসাবে, জানুয়ারিতে বিদেশে কার্ড ব্যয় ছিল ৮৭৩ কোটি ৮০ লাখ টাকা। ফেব্রুয়ারিতে তা কমে ৬৯৬ কোটি ৯০ লাখে নেমে আসে। মার্চে আবার বেড়ে দাঁড়ায় ৮৩৫ কোটি ৫০ লাখ টাকা। এপ্রিলে ব্যয় হয় ৮০০ কোটি ৪০ লাখ, মে মাসে ৮১২ কোটি ৯০ লাখ এবং জুনে তা লাফ দিয়ে ১ হাজার ৩৭ কোটি ৩০ লাখ টাকায় ওঠে। জুলাইয়ে অবশ্য কিছুটা কমে ব্যয় দাঁড়ায় ৯৮৪ কোটি ৭০ লাখ টাকা।

জুলাইয়ে বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয়ের সবচেয়ে বড় অংশ এসেছে ক্রেডিট কার্ড থেকে। এ মাধ্যমে দেশের বাইরে খরচ হয়েছে ৫২৫ কোটি ৯০ লাখ টাকা। ডেবিট কার্ডে ব্যয় হয়েছে ৪০১ কোটি ১০ লাখ এবং প্রিপেইড কার্ডে ৫৭ কোটি ৮০ লাখ টাকা। তিন ধরনের কার্ড মিলিয়ে জুলাইয়ে বিদেশে মোট লেনদেন হয়েছে ১৭ লাখ ৪৪ হাজার ৩০টি। ক্রেডিট কার্ডে বিদেশে ব্যয়ের বড় অংশ গেছে ডিপার্টমেন্টাল স্টোর, খুচরা বিক্রয়কেন্দ্র, পরিবহন, ওষুধ ও ফার্মেসি এবং পোশাকের দোকানে। দেশভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশিদের কার্ডে খরচ হয়েছে ৯৩ কোটি ১০ লাখ টাকা। থাইল্যান্ডে ৬১ কোটি ৪০ লাখ, যুক্তরাজ্যে ৫৪ কোটি ৪০ লাখ এবং সিঙ্গাপুরে ৩৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া ভারত, মালয়েশিয়া, কানাডা, নেদারল্যান্ডস ও চীনেও বাংলাদেশি কার্ডধারীদের উল্লেখযোগ্য ব্যয় হয়েছে। জুলাইয়ে ডেবিট কার্ডে বিদেশে ব্যয় হওয়া ৪০১ কোটি ১০ লাখ টাকার মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ৮৩ কোটি ৮০ লাখ টাকা। সরকারি সেবায় ৭৩ কোটি ৪০ লাখ, ব্যবসায়িক সেবায় ৫৪ কোটি ৯০ লাখ এবং নগদ উত্তোলনে ৪৯ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে।

অন্যদিকে প্রিপেইড কার্ডে বিদেশে মোট ব্যয় হয়েছে ৫৭ কোটি ৮০ লাখ টাকা।

বাংলাদেশিদের বিদেশে কার্ড ব্যয়ের বিপরীতে বিদেশি কার্ডধারীদের বাংলাদেশে ব্যয়ের পরিমাণ অনেক কম। জুলাইয়ে বিদেশি কার্ডধারীরা বাংলাদেশে খরচ করেছেন ২৩৪ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ ওই মাসে বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয় বিদেশিদের বাংলাদেশে কার্ড ব্যয়ের তুলনায় প্রায় ৪ দশমিক ২ গুণ বেশি।

শুধু বিদেশে নয়, দেশের ভিতরেও কার্ডের ব্যবহার দ্রুত বাড়ছে। জুলাইয়ে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখের বেশি। ২০২১ সালের আগস্টের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। একই সময়ে তিন ধরনের কার্ডে দেশে মোট লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২১ সালের আগস্টে যেখানে মোট লেনদেন ছিল ২২ হাজার ৭৮৯ কোটি টাকা, জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৮০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights