অমিতকে বাদ দিয়ে জাকের কেন, ব্যাখ্যা দিল বিসিবি

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। চোটের কারণে নাহিদ রানা নেই, তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। আর অমিত হাসানকে বাদ দিয়ে দলে ফেরানো হয়েছে জাকের আলী অনিককে।

জাকেরকে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন, সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় অভিজ্ঞ ও আগে পারফর্ম করা ক্রিকেটারদের ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচক কমিটি।

নাহিদ রানার প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, আগামী মাসের ১০ তারিখ থেকে তাকে পাওয়া যাবে। সে কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তাকে রাখা হয়নি। সামনে বাংলাদেশের পরবর্তী পাঁচটি টেস্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাশার বলেন, ‘আফগানিস্তান টেস্টের পর আরও চারটি টেস্ট ম্যাচ আছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেও টেস্ট ম্যাচ আছে। এই ম্যাচগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই নাহিদ রানাকে সেরা সম্ভাব্য সুযোগ দিতে চাই, যাতে সে সবগুলো ম্যাচ খেলতে পারে।’

তাসকিন আহমেদকেও আফগানিস্তান টেস্টে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে তাকে পুরোপুরি পাওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাবিবুল বাশার বলেন, ‘তাসকিন আহমেদকেও আমরা এই টেস্ট ম্যাচটাতে বিশ্রাম দিয়েছি। তাকে যেহেতু আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রাধান্য দিচ্ছি, তাই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচটাতে তাকে পুরোপুরিভাবে পাওয়ার জন্য এই টেস্টে রাখা হয়নি।’

অমিত হাসান দলে না থাকলেও তাকে নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাশার। তবে আফগানিস্তান টেস্টের পর ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে অভিজ্ঞতার ওপর বেশি গুরুত্ব দিতে চায় বাংলাদেশ।

জাকের আলী অনিকের ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় খেলার অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। তার ভাষায়, অমিত হাসান সবে শুরু করেছেন এবং ভবিষ্যতে অবশ্যই সুযোগ পাবেন। তবে গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচগুলোতে আগে খেলা ও পারফর্ম করা অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই বেশি ভাবা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights