কেরানীগঞ্জে থানার জব্দকৃত ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি ট্রাকে আগুন ও আব্দুলাহপুর এলাকায় দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া থানায় ও আব্দুলাহপুর এলাকায় দুটি পৃথক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতের দিকে দুর্বৃত্তরা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে রাখা জব্দকৃত ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।আগুন দেখতে পেয়ে থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

এ ছাড়াও তেঘরিয়া ইউনিয়নের আব্দুলাহপুর এলাকায় রাত সাড়ে ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আব্দুলাহপুরে হঠাৎ করেই বিকট আওয়াজ কানে আসে। আশপাশের সব মানুষ ছোটাছুটি করছিল। আমরা সবাই ভয় পেয়ে যাই।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, আমার থানার সামনে মামলার আলামত হিসেবে থাকা পরিত্যক্ত গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। অপরদিকে, আব্দুল্লাহপুর এলাকায় ওভারব্রিজের ওপর থেকে ককটেল বোমা নিক্ষপ করে নাশকতার সৃষ্টি করতে চেয়েছিল দুর্বৃত্তরা। আমরা ইতিমধ্যে দুটি ঘটনা নিয়েই কাজ করছি। আশা করছি, অতি শিগগিরই আসামিদের আইনের আওতায় আনতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights