নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকসহ বিভিন্ন মামলায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ১৪ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুজন, ওয়ারেন্টভুক্ত একজন, ডাকাতি মামলায় একজন, দস্যুতার মামলায় তিনজন, চুরি মামলায় একজন এবং মাদকসেবী হিসেবে ছয়জন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দুজন হলেন, আবু হানিফ (৪৫) ও মোঃ মুক্তার হোসেন (৫৪)। ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে আবু হানিফ ওরফে হিমেলকে (৪৬)। ডাকাতি মামলায় শাহজালাল (৩০) এবং দস্যুতার মামলায় মোঃ আরিয়ান ভান্ডারী (৩০), মোঃ রিপন মিয়া (৩৫) ও আমজাদ (২৯)কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চুরি মামলায় হালিম (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদকসেবী হিসেবে মোঃ ইমন (২৭), মোঃ সাকিব (১৯), আকাশ (২০), মোঃ রাজিব (৩১), আবু হানিফ (৩৫) ও মোঃ মাসুম (৩৯)কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights