বিশেষ জার্সিতে শেষবার মেসি
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
আর মাত্র একটি ম্যাচ। এরপরই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে না-এমনই এক আবেগঘন মুহূর্তের অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বেনিনের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ জার্সি পরে মাছে নামেবেন মেসি।
নিজের বিদায়ী ম্যাচ ঘিরে আবেগটা যে মেসির মধ্যেও কাজ করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার সাম্প্রতিক পোস্টেই মিলেছে তার ইঙ্গিত। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিশেষ এই অ্যাডিডাস জার্সির প্রথম ছবি প্রকাশ করেছেন এই ৩৯ বছর বয়সী তারকা। নিজের বিশেষ জার্সির ছবি প্রকাশ করে লিখেছেন, ‘শেষ ম্যাচ… সারা জীবনের জন্য একটি জার্সি।’
আর্জেন্টিনার চিরচেনা আকাশি-সাদা রঙই ধরে রাখা হয়েছে এই জার্সিতে। তবে মেসির বিদায় উপলক্ষে বিশেষ কিছু স্পর্শ যোগ করেছে অ্যাডিডাস। জার্সির পেছনে সোনালি রঙে লেখা আছে তার নাম মেসি এবং তার আইকনিক দশ নম্বর জার্সি। নামের ঠিক ওপরে রয়েছে সান অব মে প্রতীক। জার্সির পেছনের অংশজুড়ে রয়েছে একটি স্বতন্ত্র নকশাও।
আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ অধ্যায়কে ঘিরে অ্যাডিডাসের এই উদযাপন নতুন নয়। দুই দশক ধরে মেসির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই জার্মান স্পোর্টসওয়্যার কোম্পানি এই বছরের শুরুতে তার শেষ বিশ্বকাপের আগেই প্রকাশ করেছিল তাদের ‘এল উলতিমো তানগো’ সংগ্রহ।
এর আগে, গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি কলমের ছবি প্রকাশ করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন মেসি। এরপর থেকেই ভক্তদের মধ্যে তাকে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর দাবি জোরালো হয়।
ভক্তদের সেই আবেগের কথা মাথায় রেখেই মেসির জন্য বিদায়ের বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ফলে ৬ অক্টোবরের ম্যাচটি শুধু আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়, হয়ে উঠতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ ও বর্ণিল অধ্যায়ের শেষ পৃষ্ঠা।
মেসি আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল। বলিভিয়া এবং বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার প্রথম দুই প্রীতি ম্যাচে খেলবেন না তিনি। ফলে বেনিনের বিপক্ষের ম্যাচটিই হতে যাচ্ছে তার ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা, কোপা আমেরিকার শিরোপা জয় কিংবা অসংখ্য ব্যক্তিগত রেকর্ড সবকিছুর পর এবার সেই পরিচিত আকাশি-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের এই মহাতারকা।
