পিরোজপুরে নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীর খোঁজ মিলেছে ১১ দিন পরে। তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানা পুলিশ ঢাকার দারুস সালাম এলাকা থেকে ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে। গত ৩০ এপ্রিল থেকে রহস্যজনকভাবে তারা নিখোঁজ ছিল।

মঠবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে মঠবাড়িয়া থেকে নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীর সন্ধান পাওয়ার পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। দুপুরে তাদেরকে নিয়ে পুলিশ ঢাকা থেকে মঠবাড়িয়ায় আসে।
জানাযায়, গত ৩০ এপ্রিল সকালে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হয়। নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে ২ জন কলেজ ও ২ জন স্কুলছাত্রী। নিখোঁজের এ ঘটনায় উক্ত ছাত্রীদের অভিভাবকরা মঠবাড়িয়া থানায় পৃথক পৃথক জিডি করেন ।

নিখোঁজ ছাত্রীরা হলো মঠবাড়িয়া সরকারী কলেজের ছাত্রী ও উপজেলার সবুজ নগর গ্রামের গনি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের ছাত্রী ও সবুজ নগর গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের ৩নং ওয়ার্ড এর বায়জিদ আহম্মেদের মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের সাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।
কলেজছাত্রী লিপি আক্তারের মা ফরিদা বেগম জানান, তার মেয়ে ও বান্ধবী আমেনা আক্তার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রায়ই ২/৩ দিনের জন্য বাড়ি থেকে বিভিন্ন স্থানে যেতো। কিন্তু গত ৩০ এপ্রিল বাড়ি থেকে যাওয়ার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাই।
মঠবাড়িয়া থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার জানান, ছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় পৃথক পৃথক ডায়েরি করা হয়েছিল। নিখোঁজ ছাত্রীদের সাথে কথা বলার পরে বলা যাবে নিখোঁজ ছাত্রীরা কাদের মাধ্যমে ঢাকায় গিয়েছিল বা কেন গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights