সংগীত ও বিজ্ঞান মেলায় ছুবাইতাহ্ হাদিয়াহর সাফল্য

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও বিজ্ঞান মেলায় সাফল্য অর্জন করেছে সপ্তম শ্রেণির ছাত্রী ছুবাইতাহ্ হাদিয়াহ্।

প্রতিভা, নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে প্রায় ৩১ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নজরুল সংগীতে প্রথম, পল্লীগীতিতে দ্বিতীয় এবং বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সংগীতের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রমেও শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে একাধিক বিভাগে পুরস্কার অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছুবাইতাহ্ হাদিয়াহ্।

নজরুল সংগীতে প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে বিদ্যালয় থেকে তাকে দেওয়া হয় কালজয়ী সাহিত্যকর্ম ‘ম্যাক্সিম মা’। পল্লীগীতিতে দ্বিতীয় স্থান অর্জনের জন্য পুরস্কার হিসেবে পায় বিশ্বখ্যাত কিশোর ক্লাসিক অ্যাডভেঞ্চার গ্রন্থ ‘রবিনসন ক্রুসো’। এ ছাড়া বিজ্ঞান মেলায় প্রথম হওয়ায় তাকে দেওয়া হয় ‘জানা-অজানা’ বই।

একাধিক বিভাগে সাফল্য অর্জনের পর নিজের অনুভূতি জানিয়ে ছুবাইতাহ্ হাদিয়াহ্ বলে, এই অর্জনে আমি খুবই আনন্দিত। আমার শিক্ষক-শিক্ষিকা ও বাবা-মা আমাকে সব সময় উৎসাহ দিয়েছেন এবং নিয়মিত অনুশীলন করতে সহযোগিতা করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি ভবিষ্যতে আরও ভালোভাবে গান শিখতে চাই, একজন ভালো মানুষ ও ভালো শিল্পী হতে চাই। পাশাপাশি লেখাপড়ায়ও ভালো ফলাফল করে দেশের জন্য কাজ করতে চাই। আমার প্রতিভা ও জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে পারলে সেটিই হবে আমার সবচেয়ে বড় অর্জন।

ছুবাইতাহ্ হাদিয়াহর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষকরা মনে করেন, নিয়মিত অনুশীলন, অধ্যবসায় এবং পরিবারের সহযোগিতা পেলে তার প্রতিভা আরও বিকশিত হবে।

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুররুল আনাম সিদ্দিকী বলেন, “ছুবাইতাহ্ হাদিয়াহর এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নজরুল সংগীত ও বিজ্ঞান—দুটি ভিন্ন ক্ষেত্রে তার অর্জন প্রশংসনীয়। আমরা আশা করি, তার এই প্রতিভা ও মেধার বিকাশের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে এবং সদর উপজেলায় বিদ্যালয়ের সামগ্রিক সাফল্যে নতুন মাত্রা যোগ হবে। তার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।

ছুবাইতাহ্ হাদিয়াহর বাবা- ফেরেদৌস আহমেদ বলেন, তাদের মেয়ের এই অর্জনে তারা অত্যন্ত আনন্দিত। তারা মেয়ের মেধা ও প্রতিভার বিকাশে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবেন। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও বিজ্ঞানমনস্কতার ধারাবাহিকতা বজায় রেখে সে যেন আরও এগিয়ে যেতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights