শামিত-ফারহানে পূর্ণতা পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আসিয়ান কাপ ফুটবলের মঞ্চে নামার আগে স্বস্তির হাওয়া বাংলাদেশ শিবিরে। প্রবাসী ও দেশি তারকাদের যোগদানে অবশেষে পূর্ণতা পেল লাল-সবুজের স্কোয়াড। শুক্রবার মালেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠের মূল লড়াইয়ে নামবে বাংলাদেশ দল। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই পরাশক্তি প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। র‌্যাংকিং সমীকরণে তিন দলই বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে থাকলেও লড়াই ছাড়তে নারাজ লাল-সবুজ প্রতিনিধিরা। জাকার্তার ঐতিহাসিক ৭৭ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সবকটি ম্যাচ। সেই লক্ষে ইংল্যান্ডের পঞ্চম বিভাগের ক্লাব বোরহ্যাম উড এফসি (ধার সূত্রে ফুলহ্যাম) থেকে সোমবার রাতে জাকার্তায় পৌঁছান ১৯ বছর বয়সি উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ। গতকাল সকালে নিউইয়র্ক থেকে দলে যোগ দেন শামিত সোম এবং ভিসা জটিলতা কাটিয়ে পৌঁছান মিডফিল্ডার সোহেল রানা। এর আগে রবিবার ভোরের জাকার্তায় পৌঁছায় মূল দল এবং সোমবার দুপুরে যোগ দেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। গতকাল বিকালে নতুন কোচ ও তরুণ স্কোয়াডকে নিয়ে জাকার্তায় প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে নামে বাংলাদেশ। টিম হোটেলে বাফুফেকে দেওয়া ভিডিও বার্তায় আত্মবিশ্বাসী শমিত সোম জানান, ‘নতুন কোচ ও নতুন দল নিয়ে আমাদের রোমাঞ্চকর পথচলা শুরু হচ্ছে। সামনে আসিয়ান কাপ ও সাফ-সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য এটি দারুণ এক সময়। বড় এই প্রতিযোগিতায় ভালো করতে আমরা সবাই মুখিয়ে আছি।’ সব ফুটবলারকে কাছে পেয়ে আসিয়ান কাপে ইতিবাচক পারফরম্যান্স উপহার দিতে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। টিম হোটেলে গতকাল জিদানের ১৯তম জন্মদিন উদ্যাপন করেন জামালরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights