বসুন্ধরা কিংসের দুই ব্রাজিলিয়ান ঢাকায়
ক্রীড়া প্রতিবেদক
পেশাদার ফুটবল লিগে প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের তিন বিদেশি খেলতে পারেননি। আরামবাগের বিপক্ষে সাফ কোটায় তিন নেপালি অঞ্জন বিস্তা, রোহিত চাঁদ ও দানিশ মাঙ্গিয়া খেলেন। পরবর্তী ম্যাচেই কিংসের হয়ে মাঠে নামবেন তিন বিদেশি। মাঝে দুই মৌসুম না খেললেও ব্রাজিলের আলোচিত ফুটবলার রবসন রবিনহো আবার দলে ফিরেছেন। চলে এসেছেন ঢাকায়। তাঁর সঙ্গে এসেছেন কিংসের আরেক নতুন ব্রাজিলিয়ান কেইকে জেসুস সিলভা। নতুন মৌসুমে তাঁকে দলে ভিড়িয়েছে কিংস। ঢাকা আবাহনী থেকে এবার যোগ দেওয়া নাইজেরিয়ার স্ট্রাইকার এমেকা ওগবাও ঢাকায় এসে পৌঁছেছেন। তবে তিনি দলের অনুশীলনে যোগ দিতে পারেননি।
শুরু থেকে কিংসে না খেললেও দলের অভাবনীয় সাফল্যের পেছনে রবসনের অবদান অনস্বীকার্য। তিনি মাঠে নামার পর ঘরোয়া ফুটবল আকর্ষণীয় হয়ে উঠেছে। নিজে গোল করেছেন। সতীর্থদেরও করিয়েছেন। ব্রাজিলিয়ান প্রথম ফুটবলার হিসেবে বাংলাদেশের কোনো বড় দলকে নেতৃত্ব দিয়েছেন রবসন। দুই স্বদেশি জনাথন ফার্নান্দেস এবং পরে মিগেল ফিগেরার সঙ্গে আক্রমণভাগে জুটি বেঁধে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। এবার রবসনের সঙ্গে জুটি বাঁধবেন আরেক ব্রাজিলিয়ান কেইকে জেসুস। বায়োডাটা ও ভিডিও ফুটেজে জেসুসের গতিময় খেলা বলে দিচ্ছে নতুন ঠিকানায় তিনি ভয়ংকর হয়ে উঠবেন।
অন্যদিকে কিংসে নতুন হলেও নাইজেরিয়ান এমেকা বাংলাদেশর ঘরোয়া আসরে পরিচিত মুখ। গেল দুই মৌসুমে স্ট্রাইকিং পজিশনে আবাহনীতে আস্থার পরিচয় দিয়েছেন। বেশ কয়েকজন স্থানীয় ফুটবলার দল ছাড়লেও সাফ ও বিদেশি মিলিয়ে কোনো শূন্যতা সৃষ্টি হওয়ার কথা নয় কিংসের। লিগে প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও মৌসুম সবে শুরু, তাই কিংস ফুটবলে ঠিকই কিংরূপ ধারণ করবে-এ প্রত্যাশা করা যেতেই পারে।
