ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে একটি পর্যটকবাহী শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে আসেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি থেকে উত্তরপ্রদেশের মহোবার উদ্দেশে যাচ্ছিল বাসটি। তবে কী কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় কয়েকজন যাত্রী জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। পরে এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধারের পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধারের কাজও চালানো হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, আগুন লাগার সময় বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, বাসটি নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল।
যমুনা এক্সপ্রেসওয়ের জেওয়ার এলাকার দয়ানতপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম এখনও চলছে।
