হাতিয়ায় এক ট্রলারেই ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপকূলের বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারে একসঙ্গেই প্রায় ৬০ মণ ইলিশ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ধরা পড়া এসব মাছ চেয়ারম্যান ঘাটের আড়তে তিন ধাপে নিলামের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, হাতিয়ার জেলে আব্দুর রহিম মাঝি ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। সাগরে টানা ছয় দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন তারা। পরে মাছগুলো সাইফুল মৎস্য আড়তে নিলামে তোলা হলে ব্যবসায়ীরা প্রতিযোগিতার মাধ্যমে কিনে নেন। একসঙ্গে এত ইলিশ ধরা পড়ায় জেলে, আড়তদার ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা যায়।

স্থানীয় জেলেরা জানান, একসঙ্গে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় তারা উৎসাহিত হয়েছেন। সাগরে ইলিশের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে জেলেদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় মাছের বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সাগরে ইলিশের প্রাপ্যতা ভালো থাকায় জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে জাটকা সংরক্ষণ এবং নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights