যেভাবে ‘ন্যাচারাল স্টার’ হয়ে উঠলেন নানি

অনলাইন ডেস্ক
দক্ষিণী সিনেমার পর্দার জনপ্রিয় অভিনেতা ঘণ্টা নবীন বাবু, যিনি নানি নামেই বেশি পরিচিত। তার অভিনয়ে আলাদা একটা স্বাভাবিকতা আছে। চরিত্রের ভেতরে ঢুকে যাওয়ার সেই সহজাত দক্ষতার দরুন ভক্তদের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন ‘ন্যাচারাল স্টার’ নামে।

কিন্তু এই নাম কোনো এক সিনেমা বা চরিত্র থেকে আসেনি। সময়ের সঙ্গে নিজের অভিনয় আর সিনেমা বাছাইয়ের মধ্য দিয়েই এই তকমা তার পরিচয়ের অংশ হয়ে উঠেছে। পুরোনো এক সাক্ষাৎকারে সেই গল্প নিজেই জানিয়েছিলেন তেলেগু অভিনেতা নানি।

সম্প্রতি ‘দ্য প্যারাডাইস’ সিনেমাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন নানি। মুক্তির পর থেকেই বক্স অফিসে সাফল্য ও ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি। এই সাফল্যের আলোচনার মাঝেই নতুন করে সামনে এসেছে নানির ‘ন্যাচারাল স্টার’ হয়ে ওঠার পেছনের গল্প।

২০২৪ সালে আইএমডিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে নানি বলেন, কোনো একটি নির্দিষ্ট চরিত্রের অভিনয়ের কারণে তাকে এই নামে ডাকা শুরু হয়নি। বরং ক্যারিয়ারের শুরুর দিকে তিনি যে ধরনের সিনেমা বেছে নিয়েছেন এবং যেভাবে অভিনয় করেছেন, সেখান থেকেই ধীরে ধীরে এই পরিচয়ের জন্ম।

নানি বলেন, শুরুতে তেলেগুতে তাকে ‘সহজা নাটুডু’ নামে ডাকতে শুরু করেন দর্শকেরা। তেলুগু এই শব্দবন্ধের অর্থ ‘স্বাভাবিক অভিনেতা’। পরে সেই পরিচয়ই ইংরেজিতে ‘ন্যাচারাল অ্যাক্টর’ এবং শেষ পর্যন্ত ‘ন্যাচারাল স্টার’-এ রূপ নেয়।

এই নামের সঙ্গে জড়িয়ে আছে নানির একটি সিনেমার গল্পও। ‘জান্দা পাই কাপিরাজু’ সিনেমায় পরিচালক একটি টাইটেল কার্ডে লিখেছিলেন ‘ন্যাচারাল অ্যাক্টর নানি’। এরপর ‘ভালে ভালে মাগাদিভয়’ সিনেমার পরিচালক তাকে ‘ন্যাচারাল স্টার’ নামে পরিচিত করানোর কথা বলেন।

নানি তখন বিষয়টি খুব একটা পছন্দ করেননি। বরং তার মনে হয়েছিল, পরিচালক হয়ত মজা করছেন। কয়েকবার অনুরোধ করার পর তিনি রাজি হন। তার ভাবনা ছিল, এটি যেহেতু একটি কমেডি সিনেমা, তাই বিষয়টিকে দর্শকেরা হয়ত হালকাভাবেই নেবেন।

কিন্তু সিনেমাটি মুক্তির পর বদলে যায় গল্প। ‘ভালে ভালে মাগাদিভয়’ ব্লকবাস্টার হয়। দর্শকেরাও ‘ন্যাচারাল স্টার’ নামটি আপন করে নেন। এরপর একের পর এক পরিচালক তার সিনেমায় এই তকমা ব্যবহার করতে শুরু করেন।

শুরুতে বিষয়টি নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও সময়ের সঙ্গে সেই অস্বস্তি কেটে গেছে। বরং ভক্তদের ভালোবাসাই নানিকে নামটি গ্রহণ করতে বাধ্য করে।

এদিকে নানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। ২৪ সেপ্টেম্বর মুক্তির পর সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৫৪ কোটি ৯০ লাখ রুপি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শ্রীকান্ত ওদেলা পরিচালিত এই সিনেমায় নানির সঙ্গে অভিনয় করেছেন মোহন বাবু, কায়দু লোহার, সোনালি কুলকার্নি ও রাঘব জুয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights