রংপুরে শরতের আকাশে শীত-বর্ষার মেজাজ, কমছে তাপমাত্রা
নজরুল মৃধা, রংপুর
রংপুরে প্রকৃতির খেয়ালে শরতেই শীত, গ্রীষ্ম ও বর্ষা ঋতুর আমেজ বিরাজ করছে। গত কয়েক দিন ধরে বৃষ্টি হলেও বৃহস্পতিবার ও শুক্রবার দুপুরে প্রচণ্ড গরমে ভেসে বেড়িয়েছে সাদা মেঘের ভেলা। অপরদিকে, ভোরবেলা দেখা গেছে শিশির ও ঘন কুয়াশা। দিন-রাতের তাপমাত্রাও কমতে শুরু করেছে। গত কয়েক দিন পর্যবেক্ষণ করে প্রকৃতির এমন রূপই দেখা গেছে।
বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী এখন শরৎকাল হলেও এবার রংপুর অঞ্চলে প্রকৃতির আবহ কিছুটা ব্যতিক্রমী রূপ নিয়েছে। সাধারণত এই সময়ে কাশফুল ও নীল আকাশের দেখা মিললেও এবার সেপ্টেম্বরের বৃষ্টিতে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হচ্ছে। গত কয়েক দিন ধরে দুপুরে ভ্যাপসা গরম থাকলেও গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশা পড়ছে।
আবার সেপ্টেম্বরে কয়েক দফা নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অনেক জায়গায় অঝোর ধারার বর্ষণ বন্যার পদধ্বনি এনে দিয়েছিল। বৃষ্টির সঙ্গে দিনের বেলা ভ্যাপসা গরমে অধিকাংশ বাড়িতেই দেখা দিয়েছে জ্বর, সর্দি-কাশি। জ্বর, সর্দি-কাশি নিয়ে অনেকেই বিব্রতকর অবস্থায় রয়েছেন। কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা, ধরলা-সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে পুনরায় বন্যাভীতি দেখা দিয়েছে। যদিও এই সময়ে এমনটা না হওয়ারই কথা।
গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত অনেক স্থানে কুয়াশা পড়তে দেখা গেছে। এ ধরনের কুয়াশা সবজি চাষিদের কপালে এনে দিয়েছে চিন্তারেখার ছাপ। কুয়াশার শিশিরবিন্দুর মধ্যে শীতের আমেজ এনে দিচ্ছে অনেকের মাঝে। এ অঞ্চলের মানুষ বর্তমানে এক ঋতুর মধ্যে চার ঋতুর আমেজ অনুভব করছেন।
রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৩১ মিলিমিটার।
