ইরান যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত ইরাকের অর্থনীতি
অনলাইন ডেস্ক
ইরানের ওপর চলমান সামরিক সংঘাত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে প্রতিবেশী দেশ ইরাক। বিশ্ববাজার থেকে জ্বালানি তেল বিক্রির রাজস্ব কমে যাওয়া এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশটিতে এক অস্বাভাবিক সংকট দেখা দিয়েছে।
বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানিয়েছেন, যুদ্ধের প্রভাবে দেশটির অর্থনীতি এখন নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি।
৬ হাজার কোটি ডলারের রাজস্ব ক্ষতি
ইরাকের জাতীয় বাজেটের ৯০ শতাংশের বেশি অর্থ আসে তেল রপ্তানি থেকে। তবে উপসাগরীয় নৌপথে অচলাবস্থার কারণে সম্প্রতি নিজেদের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই আটকে যায় ইরাকের। ফলশ্রুতিতে এ পর্যন্ত প্রায় ৬ হাজার কোটি (৬০ বিলিয়ন) মার্কিন ডলারের বিশাল রাজস্ব হারিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি কূটনৈতিক দ্বন্দ্বে হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় এই অচলাবস্থা তৈরি হয়।
সরবরাহ শৃঙ্খলে আঘাত ও মূল্যবৃদ্ধি
আমদানিনির্ভর দেশ হওয়ায় শিপিং রুট ব্যাহত হওয়ার সরাসরি প্রভাব পড়েছে ইরাকের স্থানীয় বাজারে। চীন, তুরস্কসহ প্রধান বাণিজ্য দেশগুলো থেকে পণ্য পৌঁছাতে এখন দ্বিগুণ সময় লাগছে। বিকল্প দীর্ঘ পথ ব্যবহারের কারণে পরিবহন খরচ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যার দায় গিয়ে পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর।
রাজধানী বাগদাদের ব্যবসায়ীরা জানান, বাজারে আমদানিকৃত পণ্যের ঘাটতি দেখা দেওয়ায় বাধ্য হয়ে তারা দেশীয় কম মানের পণ্য বিক্রি করছেন। একই সাথে বাজারে আমদানিকৃত বিভিন্ন পণ্যের দাম ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক নৌপথে বিলম্বের কারণে চীনা পণ্য পৌঁছাতে কোনো কোনো ক্ষেত্রে তিন মাস পর্যন্ত সময় লেগে যাচ্ছে, যা ইরাকের স্থানীয় খুচরা বাজার ও শিল্প খাতকে পুরোপুরি স্থবির করে তুলছে।
সূত্র: আল-জাজিরা।
