নার্সিং প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ
অনলাইন ডেস্ক
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নের লক্ষ্যে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযুক্ত ভবনের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের শিক্ষা শাখা থেকে একটি পত্র জারি করা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক (শিক্ষা) মোসা. খালিদা ইয়াসমিন স্বাক্ষরিত পত্রে অধিদপ্তরের আওতাধীন সব নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশাসনকে বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনাটি জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)-এর আলোকে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযুক্ত ভবন চিহ্নিত করার উদ্যোগের অংশ হিসেবে দেওয়া হয়েছে।
এ নির্দেশনার আওতায় জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (নিয়ামার), সব নার্সিং কলেজ, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, নার্সিং ইনস্টিটিউট, আঞ্চলিক নার্সিং ও মিডওয়াইফারি ট্রেনিং ইনস্টিটিউট এবং পল্লী নার্সিং ট্রেনিং সেন্টারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
