মুন্সীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ ভাই-বোনের

ঢামেক প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তানিসা ও রায়হান নামে আট বছর বয়সী জমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার একটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তানিসা ও রায়হান রাজধানীর ডেমরার ঠুলঠুলীয়া গ্রামের কুয়েতপ্রবাসী শরিফের সন্তান।

নিহতদের নানা আবুল কাশেম জানান, দু’দিন আগে তার মেয়ে তানজিলা তিন সন্তানকে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসেন। রবিবার দুপুরে তিনি নামাজ পড়তে মসজিদে যান। এ সময় তানিসা ও রায়হান বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল।

তিনি আরো জানান, নামাজ শেষে বাড়িতে ফিরে জানতে পারেন, বাড়ির পাশের পুকুরে দুই নাতি-নাতনি পড়ে গেছে। খেলাধুলার একপর্যায়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি তাদের পুকুর থেকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে দু’জনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights