শৈলকুপায় আগুনে পুড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ফুলি খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ফুলি খাতুন ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের খিলাফত শেখের স্ত্রী।

খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী।

স্থানীয়রা জানান, ফুলি খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন। সে কারণে গরুর গোয়ালের পাশে তার ঘুমানোর জায়গা করে দেয় সন্তানেরা। বৃহস্পতিবার রাত চারটার দিকে বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। বাড়ির লোকজন টের না পেলেও প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে আসেন। তারা ফুলি খাতুনকে উদ্ধার করেন। এরপর হাসপাতালে না নিয়ে বাড়িতেই রেখে দেওয়া হয়। শুক্রবার ভোরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক চিকিৎসা দিতে এসে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক অবস্থায় কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে মনে হয়েছে। এছাড়া দুইটা ছাগল ও ১টি গরুও মারা গেছে। এখানে রহস্যের কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights