কুড়িগ্রামে লটারির মাধ্যমে ৪৬৭ প্রাথমিক শিক্ষকের পদায়ন
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে জেলার নয়টি উপজেলায় তাঁদের কর্মস্থল নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায়সহ প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় নতুন যোগদান করা শিক্ষকদের বিদ্যালয়ে পদায়ন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ লটারির আয়োজন করা হয়। এতে জেলার নয়টি উপজেলার ৪৬৭ জন শিক্ষকের কর্মস্থল নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, আসাদুজ্জামান ও নাজির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রেসক্লাবের সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
লটারির মাধ্যমে পদায়ন প্রসঙ্গে ভুরুঙ্গামারী উপজেলা থেকে আসা সহকারী শিক্ষক রাশেদুল হাসান বলেন, শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো না হলেও তাঁরা কয়েকজন স্বেচ্ছায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে সুশৃঙ্খলভাবে ও স্বচ্ছতার সঙ্গে লটারি অনুষ্ঠিত হতে দেখেছেন তাঁরা। লটারিতে নিজের কর্মস্থল হিসেবে নির্ধারিত বিদ্যালয়ের নামও শুনেছেন তিনি।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, লটারির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে শিক্ষকদের পদায়ন করায় তদবিরের কোনো সুযোগ ছিল না। এ পদ্ধতিতে পদায়ন সম্পন্ন হওয়ায় প্রক্রিয়াটি নিরপেক্ষ রাখা সম্ভব হয়েছে।
