যাতায়াতে কষ্ট, কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন চীনা ব্যবসায়ী

অনলাইন ডেস্ক

চীনের একটি রেস্তোরাঁ চেইনের কর্মীরা বৈদ্যুতিক স্কুটারে করে কাজে যাতায়াত করেন। শীত, বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় তাঁদের কষ্ট দেখে কয়েকজন কর্মীকে নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক মা ইয়ানলি। তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে গরুর মাংসের হটপট রেস্তোরাঁর একটি চেইন পরিচালনা করেন মা ইয়ানলি। কর্মীদের প্রতিকূল আবহাওয়ায় যাতায়াতের ভোগান্তি কমাতেই তিনি তাঁদের গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৈঠকের কথা বলে শোরুমে নেওয়া হয় কর্মীদের

গত ২৪ সেপ্টেম্বর কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে বিএমডব্লিউর একটি শোরুমে যান মা ইয়ানলি। কর্মীদের জানানো হয়েছিল, সেখানে একটি বৈঠক হবে। তবে শোরুমে পৌঁছানোর পর তাঁরা জানতে পারেন, তাঁদের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। গাড়িগুলো তাঁদের উপহার দেওয়া হবে।

প্রতিটি গাড়ির দাম প্রায় ৩ লাখ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৫ লাখ ৭০ হাজার টাকা। কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগেই গাড়িগুলো কিনেছিলেন মা ইয়ানলি।

উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে এ ঘটনায় আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমি ভীষণ আনন্দিত! আগে কখনো এমন কিছু পাওয়ার কথা ভাবতেও সাহস করিনি।’ লি জিয়ে জানান, শোরুমে যাওয়ার পথে মা ইয়ানলি তাঁকে বলেছিলেন, একটি বড় খেলনা উপহার দেবেন।

কর্মীর মুখ লাল হয়ে যাওয়ার ঘটনা বদলে দেয় সিদ্ধান্ত

কর্মীদের গাড়ি দেওয়ার পেছনে একটি বিশেষ ঘটনা রয়েছে। একদিন ঠান্ডার মধ্যে যাতায়াত করে কাজে ফেরার পর এক কর্মীর মুখ লাল হয়ে যেতে দেখেন মা ইয়ানলি। বিষয়টি তাঁর মনে দাগ কাটে।

মা ইয়ানলি ভাবতে শুরু করেন, তিনি নিজে যখন স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, তখন তাঁর কর্মীদের কেন ঠান্ডা, বৃষ্টি কিংবা ঝোড়ো আবহাওয়ার কষ্ট সহ্য করতে হবে? এই ভাবনা থেকেই কর্মীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে গাড়ি উপহার দেওয়ার উদ্যোগ নেন তিনি।

ব্যবসার সাফল্যে কর্মীদেরও অংশ থাকা উচিত

মা ইয়ানলির মতে, প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কর্মীদের সম্মিলিত পরিশ্রম ও অবদান রয়েছে। তাই ব্যবসায় ভালো ফল এলে কর্মীদেরও তার সুফল পাওয়া উচিত। তাঁদের গাড়ি উপহার দেওয়ার মধ্য দিয়ে সেই বিশ্বাসেরই প্রতিফলন ঘটিয়েছেন তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই মা ইয়ানলির উদ্যোগের প্রশংসা করেছেন। কর্মীদের দৈনন্দিন ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং তাঁদের পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ নতুন করে আলোচনায় এনেছে, প্রতিষ্ঠানের সাফল্যে কর্মীদের কীভাবে আরও বেশি অংশীদার করা যায়।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights