মাদক ও অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই: পার্বত্যমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

মাদক ও সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবানের থানচি উপজেলার মিনি স্টেডিয়ামে বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত ‘থানচি মহিলা ফুটবল দলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের মাদকের নেশা থেকে দূরে রাখতে এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করতে বিদ্যালয়গুলোতে ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া আয়োজন বাড়াচ্ছেন। পার্বত্য চট্টগ্রামের নারী ফুটবলাররা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করছেন। তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় পর্যায় থেকে নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

অনুষ্ঠানে থানচি মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মন্ত্রী বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সল, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত জামিল, বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights