বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব চট্টগ্রামেও
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রভাবে চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে দফায় দফায় লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ব্যাহত হয় দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, জাতীয় গ্রিডে সরবরাহের ঘাটতি এবং স্থানীয় পর্যায়ে ট্রান্সফরমার ও সঞ্চালন লাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রিড সাবস্টেশনের কিছু কারিগরি ত্রুটি সারাতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়েছিল।
গ্রাহকরা জানান, নগরীর চকবাজার, জিইসি মোড়, লালখান বাজার, হালিশহর, আগ্রাবাদ, বহদ্দারহাট, ষোলশহর ও চাঁদগাঁও এলাকায় দিনভর লোডশেডিং হয়েছে। এ ছাড়া পতেঙ্গা ও পাহাড়তলীসংলগ্ন কয়েকটি আবাসিক এলাকা এবং পটিয়া, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। এতে বাসাবাড়ির স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও বিঘ্ন ঘটে।
পিডিবি চট্টগ্রামের এক কর্মকর্তা জানান, গ্রিডের ত্রুটি সারানোর পর ধীরে ধীরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে লোডশেডিংয়ের মাত্রা কমেছে।
