লালমনিরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি, সংক্ষিপ্ত সমাবেশ ও অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে বিকেল ৪টার দিকে শহরের রেলওয়ে স্টেশন রোড এলাকার জেলা শ্রমিক দল কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় এলাকার জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়িতে’ গিয়ে শেষ হয়। পরে ‘হামার বাড়ি’ কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিসুল ইসলাম (ভিপি আনিস)।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। জেলা যুবদলের সদস্য সচিব মো. হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সমাবেশে সভাপতির বক্তব্যে ভিপি আনিস বলেন, বিগত দিনে অন্যায় ও শাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন রাজপথে ছিল, আগামীতেও তা অব্যাহত থাকবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে সব সময় লড়েছি এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সর্বদা ঐক্যবদ্ধ থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম মমিনুল হক বলেন, বিগত ১৭ বছর ধরে আমরা স্বস্তিতে বাড়িতে ঘুমাতে পারিনি, রাজপথে সংগ্রাম করেছি। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে বা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান সরকারকে বিপদে ফেলার অপচেষ্টা করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের সতর্ক করে তিনি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশ ও সংক্ষিপ্ত আলোচনা শেষে যুবদলের পক্ষ থেকে স্থানীয় চারজন শারীরিকভাবে অক্ষম ও অসহায় ব্যক্তির মাঝে হুইলচেয়ার হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights