হরমুজে তিন তেল ট্যাঙ্কার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত: আইআরজিসি
অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি জ্বালানিবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি অননুমোদিত রুট দিয়ে অতিক্রমের চেষ্টা করার সময় তিনটি ট্যাঙ্কারই সমুদ্রের নিচে পেতে রাখা মাইনে আঘাতপ্রাপ্ত হয়। এতে জাহাজগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
আইআরজিসি-র নৌবাহিনী জানিয়েছে, ওই তেলট্যাঙ্কারগুলো তাদের রাডার এবং নেভিগেশন সিস্টেম সম্পূর্ণ বন্ধ করে রেখেছিল। একই সাথে রেভল্যুশনারি গার্ডস কোরের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তাও তারা সম্পূর্ণ উপেক্ষা করেছিল। পরবর্তীতে প্রণালীর দক্ষিণ উপকূলে জাহাজগুলোকে পরিত্যক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।
এর আগেই বৃহস্পতিবার ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। ওমানের খাসাব শহর থেকে ৯ নটিক্যাল মাইল বা প্রায় ১৭ কিলোমিটার উত্তরে অবস্থানরত অপর একটি জাহাজের মাস্টার ইউকেএমটিও-কে প্রথম এই আগুনের কথা জানান। তবে প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সূত্র: আরব নিউজ
